মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক মাদকদ্রব্য ও আইনশৃঙ্খলা প্রয়োগ বিষয়ক সহকারী মন্ত্রী উইলিয়াম আর ব্রাউনফিল্ড তিনদিনের সফরে শনিবার রাতে ঢাকা আসছেন। ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেওয়া বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রমের নীতি-নির্ধারণী বিষয়ে আলোচনা করতেই ব্রাউনফিল্ড ঢাকা সফরে আসছেন। তিনি সরকারের বিভিন্ন পর্যায়সহ বেসরকারি পর্যায়ের একাধিক দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন।

সরকারি এবং বেসরকারি পর্যায়ের এই বৈঠকগুলোতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেওয়া বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রমের নীতি-নির্ধারণী, সীমান্ত নিরাপত্তা এবং ফৌজদারি বিচার-ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে।

জানা গেছে, বাংলাদেশে তিন দিনের সফরে তিনি আইনশৃঙ্খলা প্রয়োগ বিষয়ে বাংলাদেশ সরকারের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

রাষ্ট্রদূত ব্রাউনফিল্ড আগামী ৮ ডিসেম্বর আঞ্চলিক আইনজীবীদের জন্য অনুষ্ঠিত ‘গুড গিভিং- কাউন্টারিং টেরোরিজম ফিনান্সিং এন্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম ইন দ্য চ্যারিটেবল কম্যুনিটি’ শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখবেন। ওই সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হকসহ মালদ্বীপ, নেপাল এবং পাকিস্তানের ৪০ জন প্রতিনিধি অংশ নেবেন।

প্রসঙ্গত, বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি সুনির্দিষ্ট প্রকল্পে সহায়তা করছে। কমিউনিটি পুলিশ কার্যক্রম ও ফৌজদারি বিচার ব্যবস্থার উন্নয়নে কারিগরি সহায়তা করে আসছে। এ ছাড়াও দেশটি নারীর অধিকার প্রতিষ্ঠা, আইনশৃঙ্গলা বাহিনীর জন্য পাঠ্যক্রমসহ বিভিন্নভাবে সহায়তা করছে।

এএইচ