ওষুধ-নির্ভর জীবন বেছে না নিয়ে শুরুতে ডায়েটে কিছু পরিবর্তন আনলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সেসঙ্গে চাই সচেতনতাও।
হৃদযন্ত্র ঠিকমতো কাজ করছে কি না সেটি জানতে চিকিৎসকরা ইসিজি, ইকোকার্ডিয়োগ্রাম-সহ আরও একগুচ্ছ পরীক্ষা করাতে বলেন। কিন্তু, আপনি চাইলে ঘরে বসে কয়েক সেকেন্ডেই জানতে পারেন হার্টের কী হাল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা শিখিয়ে দিয়েছেন ৪০ থেকে ৬০ সেকেন্ডের একটি পরীক্ষার পদ্ধতি। বাড়িতে বসে খুব সহজেই সেই পরীক্ষা করে করতে পারেন যে কেউ।
পরীক্ষাটির নাম ‘সিট টু স্ট্যান্ড টেস্ট’। চেয়ারের সাহায্যে এই পরীক্ষা করতে হবে। এজন্য কোনো কিছুর সাহায্য ছাড়াই, এমনকি চেয়ারের হাতল না ধরে হাত দুটি বুকের ওপর আড়াআড়ি ভাবে রেখে, চেয়ারে এক বার বসতে হবে ও উঠতে হবে। ৪০ সেকেন্ড ধরে কাজটি চালিয়ে যেতে হবে।
একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে অন্তত ১৫ বারের বেশি এই কাজটি করতে পারবেন। যদি কেউ এটি করতে গিয়ে দ্রুত হাঁপিয়ে যান বা তার বুক ধড়ফড় করে, তাহলে বুঝতে হবে এটি হার্টের দুর্বলতার প্রাথমিক লক্ষণ হতে পারে। ওঠা-বসা করতে গিয়ে যদি প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, দম আটকে আসে তাহলে তা হৃদপিণ্ডের বেহাল দশার ইঙ্গিত। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বাড়িতে বসে কিছু সহজ পরীক্ষার মাধ্যমে হার্টের ঝুঁকি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে। তবে এসব পরীক্ষা কখনই মেডিক্যাল পরীক্ষার বিকল্প নয়। যদি বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া, অস্বাভাবিক ঘাম বা হঠাৎ দুর্বল লাগার মতো লক্ষণ দেখা যায়, তাহলে অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
এমএম