রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকায় আহসান হাবিব আপেল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৪ জুন) ভোরে আপেলের বাড়ি থেকে প্রায় দুইশ গজ দূরে গলির মধ্যে তার মরদেহ পাওয়া যায়। ওই বাড়ি থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন রিকো ও লিমন। তাঁরা দুই ভাই।
নিহত আহসান হাবিব আপেল রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার মৃত বকুলের ছেলে। নিহতের গলায় ও বুকে ধারালো অস্ত্রের জখম রয়েছে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় আপেলকে কে বা কারা কুপিয়ে রেখে পালিয়ে যায়। এরপর সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বর্তমানে পুলিশ ও সিআইডি এসে জায়গাটিকে ঘিরে রেখেছে। তারা আলাতম সংগ্রহ করছেন।
নিহতের মা সুখী বেগমের অভিযোগ, প্রতিবেশী গিয়াস ও তার ছেলে আরিফের সাথে আপেলের দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জেরে গিয়াস ও তার ছেলে আপেলকে কুপিয়ে হত্যা করেছে। সে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার পলাশ ওষুধের ফার্মেসীতে কাজ করতো।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, খবর পাওয়ার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
তবে ঘটনার পর থেকে গিয়াস ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানান ওসি।
এমআর





