দিনাজপুরের চিরিরবন্দরে নৈশ্যকোচের ধাক্কায় মিথিলা পরিবহন (নোয়াখালী-ড-০৪-০০৪৬) নামে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এ সময় কমপক্ষে ৩৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার পুনট্টি ইউনিয়নের দিনাজপুর-ফুলবাড়ী সড়কের নারায়নপুর তেরমাইল নামকস্থানে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. দেলোয়ার হোসেন বাদশা জানান, বিকালে দিনাজপুর থেকে ফুলবাড়ীগামী মিথিলা পরিবহন চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের দিনাজপুর-ফুলবাড়ী সড়কের নারায়নপুর তেরমাইল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশ্যকোচ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি রাস্তার ধারে খাদে পড়ে যায়। এ ঘটনায় যাত্রীবাহী বাসের ৩৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়ন অফিসার মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থলে কেউ নিহত হয়নি। তবে বেশকিছু যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় পতিত বাসটির উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
চিরিরবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আনিছুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
কেএইচ





