সিলেটে ছাত্রলীগ কর্মী মো. আব্দুল্লাহ ওরফে কচি খুনের ঘটনায় আট ছাত্রলীগ কর্মীসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার কচির ভাই আসাদুল হক ভূঁইয়া বাদী হয়ে জালালাবাদ থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার জনকে আসামি করা হয়েছে। এজেহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- সোহান (২৩), টিপু (২২), হাসান (২২), রুহেল (২৬), জনি (২০), রাজু (২০), কালাশা (২০) ও মান্না (২১)। আসামিরা সবাই ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

জালালাবাদ থানার ওসি গৌছুল আলম জানান, কচি খুনের ঘটনায় তার ভাই আসাদুল হক একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৫/১৪৯। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নগরীর মদিনা মার্কেট-কালিবাড়ি ইজিবাইকের নতুন স্ট্যান্ড দখল নিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা ইমরান আহমদ ও গোলজার আহমদ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল। গত সোমবার বিকেলে এ নিয়ে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওইদিন ইফতারের পর শহরের বিদ্যানিকেতন স্কুলের পাশে কালিবাড়ি রোডে সোহান ও তার সহযোগীরা কচি এবং তার বন্ধু সনিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত কচিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সনিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ