ককটেল বিস্ফোরণে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ি গ্রামে সোমবার দুপুর ২টার দিকে ভূক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত রেবেকা সুলতানা রঞ্জনা (৩৫) দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের স্ত্রী।
গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বিকাল ৪টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রেবেকা সুলতানা নিজ বাড়ির বৈঠকখানায় টেপমোড়ানো একটি জর্দ্দার কৌটা কুড়িয়ে পান। কৌতূহল বশে সেটি খোলার চেষ্টা করলে, বিকট শব্দে তা বিস্ফোরিত হয়।
এতে তাৎক্ষণিক তার দুই হাতের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া শরীরেও বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, এ ঘটনার কথা তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এমকে





