হাইকোর্টের একটি আদালত কক্ষে বইয়ের ভেতরে কেটে কৌশলে বসানো টেপ মোড়া কৌটা পাওয়ার পর রোববার দুপুরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে দুই বিচারক ও আইনমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে নাশকতার চেষ্টার পর খোদ উচ্চ আদালতে এ ঘটনা ঘটল।

সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুন্নাহার জানান, এনেক্স ভবনের নয় নম্বর বিচারকক্ষের ভেতরে আইনজীবীদের বসার বেঞ্চে বইটি পাওয়া যায়।

পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের একজন সদস্য এসে বালতিতে পানি ও বালির মধ্যে করে কৌটাটি সরিয়ে নেন।

ডিএমপির বোমা নিস্ত্রিয়করণ ইউনিটের সহকারী কমিশনার রহমতুল্লাহ চৌধুরী বলেন, “বইয়ের ভেতর থেকে বোমাসদৃশ বস্তুটি বের করে প্রাথমিকভাবে আমরা যা করার তা করেছি। সেটি বিস্ফোরক কি-না, অথবা কতোটা শক্তিশালী তা পরীক্ষা করে দেখা হবে।”

নুরুন্নাহার জানান, ওই বিচারকক্ষে সকাল থেকে যথারীতি আদালত বসে; বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চে কয়েকটি মামলার শুনানিও হয়।

দুপুরের বিরতির পর বেলা ২টার দিকে আদালত কক্ষে ফিরে একজন বেঞ্চ অফিসার আইনজীবীদের আসনের ওপর মোটা বইটি দেখেন। আইনের ওই বইয়ের মলাট ওল্টালে দেখা যায় ভেতরে গোল করে কেটে তার মধ্যে টেপ জড়ানো একটি কৌটা রাখা।

এ খবরের সঙ্গে সঙ্গে আদালত ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেওয়া হয়। আদালতে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা হাতে হাত বেঁধে ওই কক্ষের বাইরে অবস্থান নেন।

পরে গোয়েন্দা পুলিশের একজন বোমা বিশেষজ্ঞ ঘটনাস্থলে এসে বই থেকে কৌটাটি বের করে বালতির পানিতে চুবিয়ে বাইরে নিয়ে যান।

গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ঢাকায় সমাবেশ করতে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের এই কর্মসূচি দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তারপর থেকে প্রতিদিনই ঢাকাসহ বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটছে।

তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হাই কোর্ট বেঞ্চের সদস্য বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ধানমন্ডির বাড়ির সামনে বৃহস্পতিবার বোমাবাজির ঘটনা ঘটে। একই দিনে ভোরের দিকে ফেনীতে ওই বেঞ্চের জ্যেষ্ঠ সদস্য বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়।

আর শুক্রবার রাতে রাজধানীর বনানীতে আইনমন্ত্রী আনিসুল হকের বাসার সীমানার ভেতরে ছুড়ে দেওয়া একটি হাতবোমা বিস্ফোরিত হলে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি সে সময় বাসায় ছিলেন না।

এসএইচ