কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক ইউপি চেয়ারম্যান ও তার শ্যালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তিতাস উপজেলার জিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন সরদার (৪৮) এবং তার শ্যালক মহি উদ্দিন (৩৫)।
মনির হোসেনের চাচাতো ভাই মোশাররফ হোসেন মোবাইল ফোনে জানান, পূর্ব শক্রতার জের ধরে সকাল সাতটার দিকে চেয়ারম্যান ও তার সহযোগীদের উপর হামলা ও গুলি চালায় একদল দুর্বৃত্ত। এতে অন্তত আটজন আহত হন। আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মহি উদ্দিন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চেয়ারম্যান মনির হোসেনের মৃত্যু হয়।
জেলা পুলিশ কন্টোলরুম দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
এমএনজে/জারিফ





