নরসিংদীর বেলাবতে ট্রাকচাপায় সুমন মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নোয়াকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুমন নরসিংদী পৌর শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার পল্লি চিকিৎসক আব্দুস সালামের ছেলে।

এ দুর্ঘটনায় গুরুতর আহত অপর আরোহী মাহবুবকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে মোটরসাইকেলের দুই আরোহী সুমন ও মাহবুব নরসিংদী থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন আহত হয়।

আশপাশের লোকজন গুরুতর আহত একজনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে