ইতালি সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৫ অক্টোবর দশম আসেম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালির মিলানে যান প্রধানমন্ত্রী। চারদিনের সফর শেষে ১৮ অক্টোবর তিনি দেশে ফিরে আসেন।
প্রধানমন্ত্রী আসেম শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। ভাষণে তিনি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে এশিয়া ও ইউরোপের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার আহবান জানান।
সম্মেলনের সমাপনী অধিবেশনে তিনি কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী সম্মেলনে যোগদানের পাশাপাশি ইতালি, গ্রিস, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
এছাড়া তিনি ইতালির প্রেসিডেন্টের দেয়া ভোজসভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি মিলানে প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
এআর





