চীন থেকে ১৭১ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে কোনো পাইলট ও ক্রু সেখানে যেতে চাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সে কারণে এখনই তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাওঁয়ে ‘সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি’ আয়োজিত এক অনুষ্ঠান সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
ড. আব্দুল মোমেন বলেন, চীনের উহান থেকে আমরা ৩১২ জনকে ফিরিয়ে এনেছি। সেখান থেকে ফিরে আসার পর বিমান ক্রু’রা কোয়ারেন্টাইনে আছেন। এখন চীনে আর কোনো ক্রু যেতে চাচ্ছে না। আমরা চীনা প্লেন ভাড়া করে ১৭১ জনকে ফিরিয়ে আনতে চাইছি। তবে সেটাও সম্ভব হচ্ছে না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, উহানে থাকা বাংলাদেশিদের খাওয়া-দাওয়ায় কোনো কষ্ট যেন না হয়, সে বিষয়টি আমরা দেখছি।
অপর এক প্রশ্নে আব্দুল মোমেন বলেন, যুক্তরাজ্যে আইএস সংশ্লিষ্টতায় অভিযুক্ত শামীমাকে কোনো অবস্থাতেই বাংলাদেশ গ্রহণ করবে না। কারণ তিনি বাংলাদেশের নাগরিক নন। তার মাও বাংলাদেশি ছিলেন না। তাদের আগের প্রজন্ম ব্রিটিশ নাগরিক। এখন যুক্তরাজ্য তাকে আশ্রয় না দিলে তিনি রাষ্ট্রহীন নাগরিক হবেন।
এমবি





