রাজশাহীর বাগমারায় নতুন একটি জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ওই জঙ্গি সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ মিলেছে মাস্টার মাইন্ডেরও।

গ্রেফতাররা হলেন- বাগমারার শ্রীপুর খামারপাড়ার সাইফুল ইসলাম টিপুর ছেলে আমিনুল ইসলাম রুমি (২৩) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এনামুল হক সবুজ (২২)। এদের মধ্যে রুমি বাগমারা ডিগ্রি কলেজ থেকে এবং সবুজ রাজশাহী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।

বাগমারার শ্রীপুর খামারপাড়া এলাকা থেকে সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। পরে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাদের রাজশাহী পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে এসপি মোয়াজ্জেম হোসেন জানান, ‘আনসার রাজশাহী’ নামে নতুন এ জঙ্গি সংগঠনটি বাংলাদেশকে ইসলামী শরিয়াহভিত্তিক রাষ্ট্রে পরিণত করার মিশন নিয়ে মাঠে নেমেছে। দেশের বিভিন্ন স্থানে মুক্তমনা মানুষ ও হিন্দু ধর্মালম্বী চিকিৎসকদের হত্যা তাদের অন্যতম টার্গেট। রাজশাহী জেলা সদর ও বাগমারার কতিপয় যুবক এ সংগঠন তৈরি করেছে। শক্তিশালী যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করছিল। তাদের মোবাইলে এমনই একটি সফটওয়্যার পাওয়া গেছে। এরই মাধ্যমে কথোপকথনের যে প্রমাণ পাওয়া গেছে, তা প্রিন্ট করে ৫৮ পৃষ্ঠা হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, তারা বাগমারার হিন্দুপাড়া এলাকার হোমিও চিকিৎসক নীরেন্দ্রনাথ সরকারকে (৫৮) হত্যার পরিকল্পনা করছিল। বিষয়টি আঁচ করতে পেরে রাত আড়াইটার পর পৃথক অভিযানে ওই দুই যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকারও করেছে তারা।

এসপি বলেন, নতুন ওই জঙ্গি সংগঠনের মাস্টার মাইন্ড আবু ইব্রাহীম ওরফে তারেক ওরফে রিপন (২৪)। তার বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায়। তবে তার সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ওই সংগঠনের আরো তিন সদস্যর নাম জানা গেছে। এরা হলেন—বাগমারার খামারপাড়া এলাকার আব্দুল হাকিম মাস্টারের ছেলে শরিফুল ইসলাম ওরফে খালিদ ওরফে রাহাত ওরফে তালহা (২৪), পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাড়ভাঙ্গুড়া এলাকার রবিউল করিমের ছেলে রওশন আলী ওরফে আকাশ (২৪) এবং বুলবুল ওরফে আলামিন ওরফে বিল্লাল (২৬)। এই বিল্লালের সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় বাগমারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় আনসার রাজশাহীর সদস্য হিসেবে শনাক্ত হওয়া ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে। আর রুমি ও সবুজকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলেও জানান এসপি মোয়াজ্জেম হোসেন।

এম এ