কুষ্টিয়ার ভেড়ামারায় এক কলেজ শিক্ষকে নাবালিকা মেয়ে বিয়ে করার দায়ে ভ্রাম্যমান আদালত এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।

মঙ্গলবার বিকালে শহরের নওদাপাড়া এলাকার ইছা হক’র বাড়িতে অভিযান চালিয়ে ভেড়ামারা কলেজের শিক্ষক আশরাফুল হক (৩০) কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত বাল্য বিয়ের অপরাধে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

জানা গেছে, কিছুদিন পূর্বে দুই পরিবারের সম্মতিতে উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও ভেড়ামারা কলেজের অনার্স শাখার ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক আশরাফুল হক এর সাথে শহরের ইছা হক এর নাবালিকা মেয়ে ভেড়ামার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ভোকেশনাল শাখার ছাত্রী ইমা খাতুনের সাথে গোপনে বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার বর আশরাফুল শশুর বাড়িতে বেড়াতে আসলে বিষয়টি জানাজানি হয়।

পরে ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তা (এসআই) আকবর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।

ভ্রাম্যমান আদালতের ম্যজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা বাল্য বিয়ের অপরাধে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা জানান, বাল্য বিবাহের অপরাধ করলে সে যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। কোনরকম সুপারিশও গ্রহন করা হবে না।

এমকে