জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে দুই মামলায় স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
ওয়াদুদ ভূঁইয়া বুধবার দুপুরে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরীর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। তাকে সহযোগিতা করেন- অ্যাডভোকেট আলী নূর, অ্যাডভোকেট ফিরোজুল আলম চৌধুরী, অ্যাডভোকেট রিপল চাকমা, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট কবীর হোসাইন, অ্যাডভোকেট সালে আহম্মেদ, সুজলী ত্রিপুরা, অ্যাডভোকেট আবিদুল মোমিন ও অ্যাডভোকেট পিরোজুল আলম।
এদিকে ওয়াদুদ ভূঁইয়ার আদালতে হাজির হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। এসময় আদালত প্রাঙ্গণে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রায় ১৩ বছর আগে চুরির ঘটনা দেখিয়ে চলতি বছরের ১৬ মে রামগড় থানায় ওয়াদুদ ভূঁইয়াসহ বিএনপির ২৫ নেতাকর্মীর নামে দুই আওয়ামী লীগ কর্মী মো. ফারুক আহম্মদ ও মো. নূরুল ইসলাম দুটি মামলা দায়ের করেন।
জেআই





