একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকারের সাফল্যের ব্যাপারে ৯৭ দশমিক ৯৪ শতাংশ মানুষ আশাবাদী।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপ প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরে গবেষণা ও কমিউনিকেশন স্ট্যাটেজি ডেভেলপমেন্ট বিষয়ক প্রতিষ্ঠান ‘কল রেডি’।

‘সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮, কেমন হলো’ শীর্ষক পরিচালিত জরিপের ফলাফল প্রকাশ ও অবহিতকরণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জরিপ প্রতিবেদন তুলে ধরে আয়োজকরা বলেন, দেশব্যাপী দৈবচয়ন ভিত্তিতে ৫ হাজার মোবাইল ব্যবহারকারীর নম্বর সংগ্রহ করা হয়। এরমধ্যে অনেকের নম্বর বন্ধ ছিল, অনেকে ফোন রিসিভ করেনি। র‍্যান্ডমলি সিলেকটেড বা দৈবচয়ন ভিত্তিতে ২১১২ জন মধ্যে পরিচালিত টেলিফোন জরিপে ১৪৭৬ জন (৭০ শতাংশ) ভোটার মতামত প্রদান করেন।

তারা জানান, মতামত প্রদানকারী ভোটারদের মধ্যে ১১৭৪ জন (৭৯.৫৪ শতাংশ) সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন, ভোট দাতাদের মধ্যে ১০৪৭ জন (৮৯.১৮ শতাংশ) জন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১৩৬৪ জন (৯৩.২৩) জন ভোটার মনে করেন নির্বাচন সম্পূর্ণ (৬৮.৪২) বা মোটামুটি (২৪.৮ শতাংশ) গ্রহনযোগ্য হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৯৭.৯৪ শতাংশ মানুষ নবনির্বাচিত সরকারের সাফল্যের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করেন অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক ড. আবুল হাসানাৎ মিল্টন।

অনুষ্ঠানে গবেষণা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গবেষক কাজী আহমেদ পারভেজ।

সংবাদ সম্মেরনে কল রেডির গবেষণা কো-অর্ডিনেটর ও গবেষণা প্রতিষ্ঠান এক্সডি সোশ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ মোশারফ হোসেন, চিফ অপারেটিং অফিসার আজাদ আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএম/এমবি