যশোরের ভৈরব নদ সংস্কারে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মাঠে নেমেছেন যশোরবাসী।

শনিবার বিকালে ‘জনউদ্যোগ’ যশোরের ব্যানারে শহরের গাড়ীখানা রোডে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে আন্দোলন জোরদারে জনগণকে সম্পৃক্ত করতে ছাপা হয়েছে লিফলেট।

আয়োজকরা জানান, ২০১০ সালের ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উদ্বোধন করার সময় ১২টি বিষয়ে প্রতিশ্রুতি দেন। এর মধ্যে ভৈরব নদ খনন ছিল অন্যতম। সে সময় ভৈরব নদ সংস্কার কার্যক্রমের তোড়জোড়ও শুরু হয়।

এরই অংশ হিসেবে ২০১১ সালের ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর একান্ত সচিব সরকার প্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভৈরব নদ খননে সমীক্ষা করা হয়।

পানি উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের শাখা কর্মকর্তা আবুল হাসান জানান, সেই সমীক্ষায় ভৈরব নদের বাঘারপাড়া উপজেলার আফরা ঘাট থেকে চৌগাছার তাহেরপুর পর্যন্ত ৯৬ কিলোমিটার খনন করতে ৪০২ কোটি টাকা খরচ হবে বলে আইডব্লিউএম একটি প্রস্তাবনা দেয়। কিন্তু এরপর আর কোনো অগ্রগতি হয়নি বলে তারা জেনেছেন।

ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ সমীক্ষার পরে আর কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী নদ সংস্কারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ অঞ্চলের প্রধান নদ ভৈরব না বাঁচলে সেচ, লবণাক্ততা ও আর্সেনিক সমস্যা সমাধান হবে না।

এছাড়া কপোতাক্ষ, চিত্রা, মুক্তেশ্বরী, বেতনাসহ ভৈরব নদের সকল শাখা প্রশাখার পুনর্জাগরণ সম্ভব না। আবার যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহের যে সমস্যা সেটিরও সমাধান হবে না। তাই প্রধানমন্ত্রী ভৈরব নদ দ্রুত সংস্কারের মাধ্যমে তার কথা ও প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

জনউদ্যোগ যশোরের আহবায়ক এমআর খায়রুল উমাম জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রদানের পর ৪ বছরেও সংস্কার শুরু না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। জনউদ্যোগ যশোরের ব্যানারে শনিবার তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

তিনি আরও জানান, এ আন্দালনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এরপর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি এবং স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে নদ সংস্কার শুরু করার দাবিতে বৈঠক করা হবে বলেও তিনি জানিয়েছেন।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই