পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে ৩ ছাত্রকে মারধর করে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ। তাদের বিছানাপত্রে অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবির সন্দেহে এম কেরামত আলী হলের কৃষি অনুষদের ৭ম সেমিস্টারের ছাত্র মুজাহিদুল ইসলাম, আতিকুল্লাহ জুবায়ের ও আরিফুজ্জামান আরিফকে মারধর করে। এরপর তাদেরকে হল থেকে বের করে দেয়। পরে তাদের বিছানাপত্রে অগ্নিসংযোগ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় সেখানে ছাত্রলীগ সহ-সভাপতি প্রতাপ চন্দ্র রায় নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক পীযুজ কান্তি, এম কেরামত আলী হলের সভপতি তাপস কর্মকার, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন জানান, পবিপ্রবি ক্যাম্পাস শিবির মুক্ত করতে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে।
জেএ