সীমান্তে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

শুক্রবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তের ৩২১ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ভোরে ধর্মজৈন সীমান্তে বিএসএফ আব্দুর রাজ্জাককে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা আব্দুর রাজ্জাকের গুলিবিদ্ধ মৃতদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় এবং দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর-২ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ জামাল হোসেন জানান, তারা গোলাগুলির শব্দ পেয়েছেন। তবে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত নন।

বিরল থানার ওসি আব্দুল হাই সরকার বলেন, বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি স্থানীয় বাসিন্দারা থানায় জানিয়েছেন।

এআর