বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরার সময় তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, তরুণ উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এ তহবিল থেকে প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে জামানতবিহীন ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রত্যেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।

সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্টফোনের দাম নিয়ে আসার উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, স্মার্টফোনের দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক স্থাপন এবং এ খাতের উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সরকারি চাকরিজীবীদের বিষয়ে মাহদী আমিন বলেন, সব গ্রেডের জন্য অভিন্ন বয়সসীমা এবং নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাক্ষেত্রের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিনামূল্যে সুষম খাবার সরবরাহের একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কৃত করার উদ্যোগের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবারের জন্য নেওয়া উদ্যোগের প্রসঙ্গও সংবাদ সম্মেলনে তুলে ধরেন মাহদী আমিন।

তিনি বলেন, আন্দোলনে আত্মোৎসর্গকারী ৭৪ জন শহিদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রবাসী আয়ের বিষয়ে মাহদী আমিন জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ছয় মাসে দেশে পাঠানো রেমিট্যান্স ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ সময়ে রেমিট্যান্সের পরিমাণ প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলার।

এ ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালে ১০ লাখ ডলারের মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগের কথাও সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এস