দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবশের দায়ে আটক নারী ও শিশুসহ ১১ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার সকালে হিলি সীমান্ত দিয়ে তাদের ফেরত দেয়া হয়। ফেরত নেয়ার পর ওই ১১ বাংলাদেশি নাগরিককে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে হিলি সীমান্তের শূন্য রেখা দিয়ে ভারত অংশের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার জাফরুল্লাহ খান বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদের নিকট তাদের হস্তান্তর করেন।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, ঠাকুরগাঁও জেলা সদরের সালন্দর গ্রামের খিতিস সেনের ছেলে পরিমল সেন (২৭), তার স্ত্রী রানু সেন (২৩) এবং নেপাল সাহার মেয়ে সান্তনা সাহা (১৮), নওগাঁ জেলার আত্রাই উপজেলার আটগ্রাম গ্রামের মৃত গোপাল চন্দ্রের ছেলে শ্রী গোপী চন্দ্র (২৭), তার স্ত্রী করুনা রানী (২৫), তার মেয়ে সতী রানী (৭), তার ছেলে পলা চন্দ্র (৫), একই জেলার সোলগাজী গ্রামের হরে কৃষ্ণ সরকারের ছেলে স্বপন সরকার (২৫), সীমা রানী সরকার (২০), তার ছেলে সাগর সরকার (৪) এবং হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে নবানুর রহমান (২২)।
আটকরা জানান, তারা প্রত্যকেই রোববার সকালে হিলি সীমান্তের কামাল গেইট নামক এলাকা দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবশ করেন। মালদা যাওয়ার পথে ভারত অংশের হিলি বিএসএফ ক্যাম্প চেকপোস্টের সামনে থেকে দুপুর ২টায় বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ জানান, ২ দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক থাকার কারণে তাদের আটকের পরও সে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে না দিয়েও বিএসএফ সদস্যরা তাদের আমাদের কাছে দিয়েছেন।
তিনি জানান, সোমবার সকালে ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





