আইনশৃঙ্খাল পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লা সদর, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ উপজেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ সব উপজেলায় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবি টহল দেবে।
কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মো. জাকির হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য কুমিল্লা সদরে দুই প্লাটুন, চৌদ্দগ্রামে এক প্লাটুন ও মনোহরগঞ্জ উপজেলায় এক প্লাটুন বিজিবি নামানো হয়েছে। প্রতি প্লাটুনে ২০ জন সদস্য রাখা হয়েছে।
তিনি জানান, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। অপরদিকে একই দিন ‘গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে পালনের উদ্দেশ্যে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাই জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি খোরশেদ আলম জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার সকাল থেকে কুমিল্লা নগরজুড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এএইচ





