সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে আরও ১৫৯ জন বাংলাদেশীকে দেশে ফেরত আনা হচ্ছে।
বাংলাদেশের পক্ষে বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জানান, বাংলাদেশী হিসেবে শনাক্ত হওয়া আরও ১৫৯ জনকে দেশে ফেরত আনতে বৃহস্পতিবার মিয়ানমার যাবে বিজিবির একটি দল। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টে মিয়ানমারের অভ্যন্তরে এ বিষয়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। পতাকা বৈঠকের পর বিজিবির কাছে তাদের হস্তান্তর করবে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, ১৫৯ জনের মধ্যে দেশের ১০ জেলার বাসিন্দা রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ নরসিংদীর জেলার ৮০ জন রয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের ১২, কিশোরগঞ্জের ১৩, চট্টগ্রামের ১৮, ফরিদপুরের ১২, হবিগঞ্জের ১৭, নওগাঁর ২, নাটোরের ১, শরীয়তপুরের ৩ ও বরিশালের ১ জন করে রয়েছেন। এদের মধ্যে ১৬ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
মিয়ানমারের সমুদ্র উপকূল থেকে ২১ মে সমুদ্রে ভাসমান অবস্থায় ২০৮ জনকে এবং ২৯ মে আরও ৭২৭ জনকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী। এর মধ্যে ৮ জুন, ১৯ জুন ও ২২ জুলাই তিন দফায় দেশে ফেরত আনা হয় মোট ৩৪২ জন বাংলাদেশীকে।
এএইচ





