মিথ্যা ঘোষণায় আনা একটি বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি জব্দ করেছে চট্টগ্রাম বন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। যার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।

সোমবার সকাল ১১টার দিকে বন্দরের ১ নম্বর ইয়ার্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক শামীমুর রহমান বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে একটি কনটেইনারে মিথ্যা ঘোষণা দিয়ে রেঞ্জ রোভার গাড়ি আনার খবরটি আমরা গোপনে জানতে পারি। রাজধানীর গুলশানের ঠিকানা ব্যবহার করে জনৈক রিয়াজ মোহাম্মদ খান ইউ ব্যাগেজে গাড়িটি এনেছেন।

কিন্তু আমাদের লোকজন গিয়ে সেই ঠিকানায় কোন অফিস বা ঐ নামে কাউকে পাওয়া যায়নি। এতে বোঝা গেল নাম ও ঠিকানাটা সঠিক নয়। ২০১৩ মডেলের ৩০০০ সিসির গাড়ি আনার ঘোষণা দেওয়া হলেও গাড়িটি ২০১৪ মডেলের এবং ৫০০০ সিসির। যার বাজারমূল্য ৬ কোটি টাকা। ফলে তিনি নানা ভাবে তথ্য গোপন ও মিথ্যা তথ্য দিয়েছেন।’

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইংল্যাণ্ড থেকে আসা এই গাড়িটি খালাস করে নিয়ে যেতে পারলে প্রায় ৩ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়া হতো। ইউ বেগেজে করে গাড়িটি আনা হয়েছে বলে এর কোন আমদানিকারক ও সিএ-এফ এজেন্ট নেই। রিয়াজ মোহাম্মদ খান নামের ওই যাত্রীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

কর্মকর্তারা জানান-সাধারণত কোন প্রবাসী বিদেশ থেকে স্থায়ী বা অস্থায়ীভাবে চলে আসার সময় তার ব্যবহৃত কোন পণ্য কার্গোতে বুকিং দিয়ে দেশে আনার ব্যবস্থা করলে সেটাই হবে ইউ ব্যাগেজ। এই নিয়মে পণ্যের সঠিক বিবরণ ও সঠিক তথ্যাদি ঘোষণা দিয়ে বৈধ যেকোন পণ্য আনতে পারেন প্রবাসীরা। কিন্তু মিথ্যা ঘোষণা দিয়ে আনা মানে হচ্ছে রাজস্ব ফাঁকি দেওয়া।

এমবি