বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেছেন, ছাত্রশিবির সাগরে ভেসে আসা কোন কচুরিপানা নয় যে, সহজেই নিশ্চিহ্ন হয়ে যাবে। যারা ছাত্রশিবিরকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দেখছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ ছাত্রশিবিরের এখন দেশের কোটি মানুষের হৃদয়ে বাস করছে।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রশিবির এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতিচ্ছবি হয়ে আছে। ছাত্রশিবির মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় কাজ করছে, ছাত্র সমাজের অধিকার রক্ষায় কাজ করে আসছে।

সোমবার সকালে সংগঠনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জুরাইনে বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে শোভাযাত্রাটি সকাল ৮ টার দিকে গেন্ডারিয়া রেলগেট থেকে শুরু হয়ে জুরাইন চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

মোস্তাফিজুর রহমান আরো বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৯৭৭ সালে মাত্র ছয়জনের প্রচেষ্টায় জন্মলাভ করা ছাত্রশিবির আজ কোটি যুবকের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে। আজ লাখো তরুণ ছাত্রশিবিরকে সাথে নিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখছে।

শিবিরের প্রচার সম্পাদক অভিযোগ করে বলেন, ছাত্রশিবিরের প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের জন্য কাজ করলেও কিছু দুষ্কৃতিকারী মহল এই সংগঠনকে দমিয়ে দেয়ার চেষ্টা করে আসছে। তারা নানা অপপ্রচার ও নির্যাতন চালিয়ে শিবিরকে নিশ্চিহ্ন করার চেষ্ঠা করে যাচ্ছে। কিন্তু তারা কোনদিন সফল হবে না।

শোভাযাত্রার নেতৃত্বে আরো ছিলেন, শাখা সভাপতি শাফিউল আলম, সাবেক সভাপতি সাদেক বিল্লাহ, শাখা সেক্রেটারি তোফাজ্জল হোসাইন, অর্থ সম্পাদক কাজী মাসুম সরকার প্রমুখসহ মহানগরী ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য ইসলামী ছাত্র শিবিরের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করে ঢাকা মহানগর দক্ষিন, ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর পশ্চিম, ঢাকা মহানগর উত্তর, গাজীপুর মহানগরী, চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিন, চাপাইনবাবগঞ্জ, নোয়াখালী শহর, লক্ষীপুর শহর, রাজশাহী কুমিল্লা শহর, ফেনী সহ সকল জেলায় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী পালন করে।

রাহাত/ মাহমুদ