পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার সাতখামার নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় ওমর আলী (৩৫) নামে এক মাইক্রো চালক নিহত হয়েছে। আহত হয়েছে মাইক্রোর শিশু ও মহিলাসহ ৫ জন যাত্রী। 

শুক্রবার গভীর রাতে (রাত পৌনে ১টায়) ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সাতখামার ইসলামিয়া ফাজিল মাদরাসার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওমর আলী আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান আব্দারের মাইক্রো চালক। তার বাড়ি আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত তমিজউদ্দিনের পুত্র।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সাতখামার ইসলামিয়া ফাজিল মাদরাসার সামনে কাঠবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মাইক্রোবাসটির (ঢাকা মেট্রো চ ৫১১৭১০) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটির সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর চালক ওমর আলী নিহত হয়।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রংপুর বিভাগীয় প্রতিনিধি আবদাল আদিল আলভী রুবেলসহ ৫ জন আহত হয়। আহতদের প্রথমে বোদা ও পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে আসেন।

আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহিদ জানান, মাইক্রোবাসটি উপজেলা পরিষদ চেয়ারম্যানের। মাইক্রোবাসটি ঢাকা থেকে বিমানে আসা চেয়ারম্যান পুত্র ও পুত্রবধুসহ অন্যান্যদের আনতে সৈয়দপুর গিয়েছিল। সৈয়দপুর থেকে আটোয়ারী যাওয়ার পথে আটোয়ারীর সাতখামারে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় মাইক্রোর চালক ঘটনাস্থলেই নিহত হয় বলে এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ