পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার (পিপিএম) বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই মাদক নির্মূল সম্ভব। মাদক থেকে পরিত্রাণ পেতে পুলিশের পাশাপাশি অভিভাবক, সুধীমহল সবাইকে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে পুলিশের বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, বর্তমানে দেশের ১৩ থেকে ৩২ বছর ৫০ লাখ শিশু-কিশোর ও যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে। এ পরিসংখ্যান খুবই উদ্বেগজনক।

এটা থেকে পরিত্রাণ পেতে হলে শুধু সীমান্ত এলাকার মাদক পাচার বন্ধ হলে চলবে না। সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে।

ইতিমধ্যে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের শনাক্ত করতে রাজশাহী বিভাগের তিনটি জেলায় ওয়েবসাইট চালু হয়েছে। বাকি ৫ জেলাকে শিগগির এর আওতায় নিয়ে আসা হবে।

এ সময় জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রিয়া রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামনসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিভিন্ন সময়ে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া বিপুল সংখ্যক মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন ডিআইজি।

এমকে