গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার আবারও তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এই হামলা পৃথিবীর নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘন। অনতিবিলম্বে এই হত্যা বন্ধের আহবান জানানো হয়। একই সঙ্গে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের অবস্থানকে জোরালোভাবে তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় মন্ত্রিসভা।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, দেশের স্থলবন্দরগুলো (ড্রাই পোর্ট) আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে জাতিসংঘের প্রতিষ্ঠান এস্কাপ কর্তৃক প্রণীত ইন্টারগভার্নমেন্টাল এগ্রিমেন্ট অন ড্রাই পোর্ট শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিনি বলেন, জাতিসংঘের প্রতিষ্ঠান এস্কাপ (বংপধঢ়) কর্তৃক প্রণীত কয়েকটি দেশের স্থলবন্দর (ড্রাই পোর্ট) আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়ার পর ২০১৩ সালে এই প্রস্তাব এস্কাপের সভায় অনুমোদিত হয়। বাংলাদেশ এস্কাপের সদস্য। বাংলাদেশের পক্ষে সেই সভায় প্রধানমনন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী যোগ দেন।

বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করতে সোমবার প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন করে। মন্ত্রিসভা এই প্রস্তাব স্বাক্ষরের অনুমোদন দিয়েছে।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই