জেলার শ্রীপুরে হাত মোজা তৈরির কারখানা গ্লোব অ্যান্ড গ্লোবস বাংলাদেশ ম্যানুফ্যাকচারিংয়ের ২০ শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

বুধবার বিকালে অসুস্থদের রাজেন্দ্রপুর মডার্ন হাসপাতাল ও গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. মহসিন জানান, অসুস্থরা মাস সাইকোজেনিক ডিসঅর্ডার রোগে আক্রান্ত হয়েছেন।

রাজেন্দ্রপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক মিথুন সূত্রধর জানান, তারা মূলত কার্বন মনোক্সাইড গ্যাস পয়োজনিংয়ের কারণে অসুস্থ হয়েছেন।

কারখানার সুইং অপারেটর হাসিনা ও কোয়ালিটি অপারেটর নীলুফার ইয়াসমিন জানান, সকাল ১০টায় দুই শ্রমিক হঠাৎ কারখানায় অসুস্থ হয়ে পড়েন।

দুপুরের খাবারের বিরতির পর শ্রমিকরা কারখানায় ফিরে এলে আবার অসুস্থ হতে শুরু করেন। পরে অসুস্থদের অন্য শ্রমিক ও কারখানার কর্মকর্তারা হাসপাতালে নিয়ে যান।

হালিমা (১৮), আলেয়া (৩০), সাজেদা (২২), নাসিমা (৩০), শারমিন (১৯), আবেদা (২০), শাহনাজ (২০), রানী আক্তার (১৮), শিউলি (২২), মিনারা (১৮), সখিনা (৩০) ও মনোয়ারাকে (২৫) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানান, মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৫ ও রাজেন্দ্রপুর জেনারেল হাসপাতালে দুই শ্রমিক অসুস্থতার খবর আমরা পেয়েছি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর. টাইমনিউজবিডি.কম,এসআর