কুমিল্লার চান্দিনা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবুল মিয়া (৪৫) ও জিতেন্দ্র পাল (৫৫) নামে দু’জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চান্দিনা উপজেলার পূর্ব বেলাশহরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ও দুপুর সাড়ে ১২টায় চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় এ দু’টি দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় মহাসড়কের পূর্ব বেলাশহর এলাকার আরএনআর সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে বের হচ্ছিলেন সিএনজি চালিত অটোরিকশা চালক বাবুল মিয়া। এসময় একটি ট্রাক্টর (পাওয়ার টিলার) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাবুল মিয়া ওই একই উপজেলার বাসিন্দা।
এদিকে, দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী এস আলম পরিবহনের একটি বাসের চাপায় জিতেন্দ্র পাল মারা যান।
জিতেন্দ্র একই জেলার দেবিদ্বার উপজেলার বাউড়া-মোহনপুর গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশের ময়নামতি ক্রসিং ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এএইচ





