নীলক্ষেতে খাবারের দোকানে কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজধানীর নীলক্ষেতের নিউমার্কেট থানায় হামলা চালিয়েছে। এতে পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার বেলা পৌনে ৩টার এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা পৌনে ৩টায় নীলক্ষেত মোড়ে একটি খাবারের দোকানে নীলক্ষেত থানার এক উপপরিদর্শক (এসআই) ও এফ রহমান হলের কয়েকজন ছাত্রলীগ কর্মী খেতে বসেন। এর মধ্যে এসআইয়ের ওয়্যারলেস বাজতে থাকলে ছাত্রলীগের এক নেতা তার ওয়্যারলেসটি বন্ধ করতে বলেন।
এসময় এসআই বলেন, বন্ধ করা যাবে না, এটা সরকারি কাজে যোগাযোগের জন্য।
এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে এসআইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের ৩ কর্মীকে ধরে নিয়ে যায় নীলক্ষেত থানা পুলিশ। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা নীলক্ষেত থানায় হামলা চালায় এবং নিউমার্কেট থানার সাইনবোর্ড ভেঙে ফেলেন। ছাত্রলীগের হামলায় কয়েকজন পুলিশ কনস্টেবলসহ কয়েক ছাত্রলীগ কর্মীও আহত হন।
ঘটনার সময় ছাত্রলীগ কর্মীরা নীলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি ভাঙচুর করেন।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]