আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্দ্যোগে বসা জোড়াগেট কোরবানির পশুর হাট।
সোমবার বিকালে ভারপ্রাপ্ত মেয়র মো. আনিসুর রহমান বিশ্বাস নগরীর জোড়াগেট এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ঈদ-উল-আযহা উপলক্ষে আয়োজিত এ হাটের উদ্বোধন করেন।
প্রতি বছরের মতো এবারও হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ, পুলিশ ও র্যা বের সমন্বয়ে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ, বিক্রেতা ও ক্রেতাদের টাকা জমা রাখার সুব্যবস্থা, হাটে আগতদের চিকিৎসা ব্যবস্থাসহ সার্বক্ষণিক পশু স্বাস্থ্য চিকিৎসা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেল, বিশুদ্ধ খাবার পানি ও টয়লেটের সুব্যবস্থা, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়সহ আধুনিক সব সুব্যবস্থা রাখা হয়েছে।
কেসিসির কাউন্সিলর মো. শামসুজ্জামান মিয়া স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাজার স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. হাফিজুর রহমান মনি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসির প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীসহ নগরীর গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেআই,





