চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (০৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহতের নাম বাদশা (২২) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মো: রফিকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, রাত সাড়ে ১১টার দিকে ভারতের সবদেলপুর বিএসএফ সদস্যরা গুলি চালালে নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার সীমান্ত পিলার ৩এস ও ৪এস পিলারের কাছে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদশা মারা যান।

এদিকে, আজ (০৬ সেপ্টেম্বর) রোববার সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ কাঁটাতারের বেড়াসংলগ্ন বাংলাদেশ প্রান্তে একটি গর্তে পড়েছিল এবং ভারতীয় ভখণ্ড থেকে বিএসএফ সদস্যদের লাশটি পাহারা দিতে দেখা গেছে।

এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এমবি