রাজধানী ঢাকার সবুজবাগ এলাকার একটি বৌদ্ধমন্দিরের ধর্মগুরু শুদ্ধানন্দ মহাথেরকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

মঙ্গলবার ডাকযোগে পাঠানো চিঠিতে এ হুমকি দেওয়া হয়।

ঘটনার পর শুদ্ধানন্দ নিজেই থানায় জিডি করেছেন। কে বা কারা এ চিঠি পাঠিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কুদ্দুস ফকির।

থানা সূত্রে জানা যায়, ডাকযোগে হত্যার হুমকি দিয়ে যে চিঠিটি পাঠানো হয়েছে, তাতে প্রেরকের নামের জায়গায় ‘এ বি সিদ্দিক, গাজীপুর’ লেখা আছে।

গত ১৫ জুন রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ একজনকে সন্দেহভাজন হিসেবে আটকের পর জিজ্ঞাসাবাদ করে। ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।

সম্প্রতি বাংলাদেশে ধর্মীয় নেতাসহ বহু মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসব হত্যার জন্য ইসলামি জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে।

এমই