শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান সম্ভব না, এজন্য প্রয়োজন কৃষি নির্ভর শিল্প বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কৃষিকে যান্ত্রিকায়নসহ শিল্পকে বহুমুখী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
শিল্পপতিদের প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: অর্থনৈতিক উন্নতির প্রয়োজনে রপ্তানির পাশাপাশি নিজের দেশে বাজার সৃষ্টি করতে হবে। তরুণ সমাজ এবং নারীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১ম জাতীয় শিল্প মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশীয় শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন: আমাদের কৃষিপণ্য যেমন মাছ, ব্যাঙ, কাঁকড়া ইত্যাদি প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। শিল্পকে আমরা বহুমুখীকরণ করতে পারি। নতুন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে শিল্পায়ন করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
‘এছাড়া ডিজিটাল ডিভাইস তৈরি করে রপ্তানি করা, এটাও ভালো পণ্য রপ্তানির জন্য। এর মধ্য দিয়ে শিল্পের বহুমুখীকরণ করা যাবে এবং তরুণ সমাজের কর্মসংস্থান তৈরি করা। তরুণ সমাজ এবং নারীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে।’
শিল্প নীতিকে আধুনিকায়ন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন: আমাদের দেশ এখন বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে, এই গর্ব আমাদের ধরে রাখতে হবে।
প্রথমবারের মত জাতীয় শিল্প মেলার উদ্যোগকে প্রশংসা করে শেখ হাসিনা বলেন: এবারে মেলা হওয়াতে শিল্পের প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হবে। রপ্তানির ক্ষেত্রে এটা খুব প্রয়োজন।
উল্লেখ্য, এই মেলায় সারাদেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির, হস্ত ও কারু এবং হাইটেকসহ মোট ৩০০ উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেবে।
তারা ৩০০টি স্টলে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে। এদের মধ্যে ১১৬ জন নারী উদ্যোক্তা এবং ১০৭ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন। অর্থাৎ মেলায় ৫২ শতাংশ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।
এএস





