গোপালগঞ্জের মুকসুদপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

আজ (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক সজীব মৃধা (২৩), কুষ্টিয়া জেলার ফুকসা এলাকার মুছা মৃধার ছেলে এবং শ্রমিক শাহিন (২৫), ঝিনাইদহ জেলার মধুপুর উপজেলার চাপরাইন এলাকার ওমর ফারুকের ছেলে ।

স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রিজের কাছে বরিশালগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় চালক সজীব ট্রাকের ভেতর চাপাপড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিলে শাহিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই মো: আবদুল জব্বার মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।

এমবি