গজীপুর জেলার কোনাবাড়ী নতুনবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ৪৭০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ১টার দিকে বুড়িগঙ্গা স্পেশাল পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- নারায়নগঞ্জের বন্দর থানার একরামপুর এলাকার আবদুর রহিমের ছেলে মনির হোসেন (৩১) ওই বাসের চালক এবং একই জেলার সিদ্দিরগঞ্জ থানার ঝালপুরি এলাকার ওহেদ আলীর ছেলে মনতাজ উদ্দিন (২৯) বাসের হেলপার।

জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে বুড়িগঙ্গা স্পেশাল পরিবহনের যাত্রীবাহী ওই বাসটি কোনাবাড়ী নতুনবাজার এলাকায় পৌঁছে। পরে থামিয়ে তল্লাশি করে বাসের বাক্সের ভেতর থেকে বস্তাভর্তি ৪৭০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পরে বাসের চালক মনির হোসেন ও বাসের হেলপার মনতাজ উদ্দিনসহ বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

এমই