আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা শেষে ফেরার পথে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-১ ও মহানগর বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল আমিন আযবকে আটক করেছে পুলিশ।
নগরীর বাটারমোড় থেকে মঙ্গলবার দুপুরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক প্যানেল মেয়র ও বিএনপি নেতা আনোয়ারুল আমিন আযবের বিরুদ্ধে পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগ রয়েছে। নগরী শাহমখদুম কলেজের সামনে অবরোধের সমর্থনে বের হওয়া মিছিল থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে তাকে আটক করা হয়েছে। থানা হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।
এর আগে বাদ জোহর নগরীর সোনাদীঘি মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজায় অংশ নেন প্যানেল মেয়র আযবসহ অন্য বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাকে আটক করে পুলিশ।
জেআই





