যশোরের বেনাপোল সীমান্তে ২২ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে পারাপারের সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হচ্ছেন- শ্রীকান্ত প্রামাণিক (৭০), শংকর বিশ্বাস (৩৪), সন্তোষ বিশ্বাস (৪৫), পলাশ কান্তি (১৮), বিতুস কান্তি রায় (২৪), সুব্রত বিশ্বাস (২৩), সালাউদ্দিন (৩২), নিভা রায় (৭০), ইলিয়াজ খান (৫০), ফয়সাল খাঁন (১৮), উষা রাত্রী (৬০), শিবু বিশ্বাস (২৪), গিতা বিশ্বাস (৩০), উত্তম বিশ্বাস (২৮), সনজিবন (২৫), শেফালী সরকার (৫৫), বাসুদেব সরকার (৪৮), বিপ্লব দেবনাথ (৩৯), নয়ন রায় (১৬), জাহিদুল ইসলাম (৩০), সোমা বিবি (২০) ও শিশু ফতেমা (০১)।

এদের মধ্যে ১৬ জন ভারত থেকে ফেরার পর এবং ৬জন ভারতে যাওয়ার পথে আটক হয়। আটক ব্যক্তিদের বাড়ি গোপালগঞ্জ, বরিশাল, মাদারীপুর ও নড়াইল জেলার বিভিন্ন গ্রামে‌।

এদিকে, শার্শা উপজেলার সীমান্ত অঞ্চল বেনাপোল ও পুটখালী সীমান্ত অনেকটা অরক্ষীত হয়ে পড়ায় এ পথে অবৈধ পারাপার ও পাচার বেড়েই চলেছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী বলছেন, প্রতিদিন শার্শা-বেনাপোল সীমান্ত পথে ৫শ’ থেকে ৭শ’ মানুষ অবৈধভাবে পারাপার হচ্ছে। এর মধ্যে আটক হচ্ছে তার ১০ ভাগ। অন্যান্যরা বিনা বাধায় সীমান্ত পারাপার হচ্ছে।

এছাড়া শনিবার দুপুরে বিজিবির হাতে আটক আরো ২১ বাংলাদেশিকে পুলিশ জেল হাজতে পাঠিয়েছে। এর পরেও থেমে নেই অবৈধ পারাপার ও পাচার কার্যক্রম।

অন্যদিকে, পাচার প্রতিরোধে বিজিবির জনবল কম, আবার কখনো সতর্ক আছে বলেই আটক হচ্ছে, বরাবর এমন বক্তব্য দিচ্ছেন বিজিবি কর্মকর্তারা। আর পুলিশ বলছে সীমান্তে তদারকির কাজ বিজিবির।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।

ঢাকা, ১০ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ