বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের জয়নগর গ্রামে দু’টি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার দু’টির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
রোববার (২১ আগস্ট) দিনগত রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে যাওয়া দুই বাড়ির মালিক দুই ভাই রইছ উদ্দিন ও এছার উদ্দিন জানান, তাদের একজনের সেমি পাকা এবং আরেকজনের টিনের ছাউনি ও বেড়ার বসতবাড়িতে মোট ১০টি ঘর ছিলো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন ধরে যায়। আগুন নেভানোর আগেই দু’টো বসতবাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।
রইছ উদ্দিন দাবি করেন, বাড়ি পুড়ে তার আট ভরি সোনার গহনা, নগদ আড়াই লাখ টাকা, শোকেজ, আলমারি, কাপড়চোপড়, খাবার সামগ্রীসহ সব ধরনের আসবাবপত্র পুড়ে যায়।
এছার উদ্দিনের দাবি, তার ঘরে রক্ষিত ১৫০ মণ ধান, ৩০ মণ পাট, নগদ ৫০ হাজার টাকাসহ বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সবমিলিয়ে তাদের প্রায় ১৫ লাখোধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দুই ভাই দাবি করেন।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। কিন্তু ঘটনাস্থলে পৌঁছার আগেই বসতবাড়ি দু’টির বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি এই কর্মকর্তা।
এমএনজে





