সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী মাসেই পদ্মা সেতু নির্মাণে নদী শাসনের কার্যাদেশ দেওয়া হবে। সেতুর নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালে।’
মুন্সীগঞ্জের শ্রীনগরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ কথা বলেন তিনি। উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে সোমবার বিকেলে দুটি বাসের সংঘর্ষের স্থল পরিদর্শনে আসেন মন্ত্রী। ওই দুর্ঘটনায় ১১ যাত্রী আহত হন।
সড়ক মন্ত্রী আরও বলেন, ‘১২ নভেম্বর থেকে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।’
তিনি বলেন, ‘বেপরোয়া চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। চলাচলকারী নসিমন ও টমটমগুলোর যত্রতত্র চলাচল ও সড়কের পাশের অবৈধ স্থাপনা গড়ে ওঠাও সড়ক দুর্ঘটনার জন্য দায়ী।’
এসময় সড়ক মন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
জেআই





