বাংলাদেশ রেলওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ৫ জোড়া বিশেষ ট্রেন চালু করবে। বিশেষ ট্রেনগুলো ঈদের তিনদিন আগে এবং ঈদের পরের দিন থেকে ৫ দিন চলবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন জানিয়েছেন, ৫ জোড়া বিশেষ ট্রেনের মধ্যে ২ জোড়া চট্টগ্রাম ও চাঁদপুর রুটে, এক জোড়া ঢাকা-দেওয়ানগঞ্জ, একজোড়া ঢাকা-পার্বতীপুর ও এক জোড়া ট্রেন ঢাকা-খুলনা রুটে চলাচল করবে।

তিনি আরও জানান, বিশেষ ট্রেন চালানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী ও সৈয়দপুর কারখানায় ১৬৬টি কোচ মেরামত ও সংস্কার করা হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মো. খলিলুর রহমান জানিয়েছেন, গত বছরের হরতাল ও অবরোধে পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত কোচগুলোর মেরামত ও সংস্কার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

তিনি বলেছেন, মোট ১৬৬টি কোচের মধ্যে ৬১টি ব্রডগেজ এবং ১০৫টি মিটারগেজ কোচ রয়েছে। এগুলো মেরামত ও সংস্কারের পর ঈদের সময় যাত্রীবাহী ট্রেনে অতিরিক্ত কোচ হিসেবে সংযোজন করা হবে। এছাড়া বিশেষ ট্রেনও চালানো হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশন থেকে অগ্রিম টিকেট বিক্রি করা হবে।

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর