ফুটওভার ও আন্ডারপাস ব্যবহার না করে যেখানে সেখানে যত্রতত্র রাস্তা পারাপার বন্ধে ২৫ নভেম্বর থেকে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত বসছে।
ঢাকা মহাননগর পুলিশ(ডিএমপি) ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে এই সিদ্ধান্ত নিয়েছে।
রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করে গাড়ি থামিয়ে রাস্তা পার হলে জেল জরিমানা গুনতে হবে।
শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমদ।
তিনি বলেন, ‘নগরীতে রাস্তা পারাপারে চরম বিশৃঙ্খলা অবস্থা দেখা দিয়েছে। অনেকে হাত তুলে গাড়ি থামিয়ে রাস্তা পার হচ্ছেন। আর তাই জনসচেতনতা বাড়াতে আমরা আজ, আগামীকাল ও পরশু সচেতনতা চালিয়ে যাব। আমরা প্রথমে মানুষকে অনুরোধ করব ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করার জন্য।
২৫ নভেম্বর থেকে হোটেল রুপসী বাংলা থেকে ফার্মগেট পর্যন্ত মোবাইল কোর্ট বসবে। যদি কেউ ফুটওভার ব্রিজ কিংবা আন্ডারপাস ব্যবহার না করে তাহলে মোবাইল কোর্ট শাস্তি দেবে। দুই’শ টাকা জরিমানা অথবা ৬ মাসের জেল হতে পারে। এক সপ্তাহ এ মোবাইল কোর্ট চলবে। উদ্দেশ্য জেল জরিমানা নয়, উদ্দেশ্য নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
কমিশনার বলেন, ‘নগরীতে লক্ষ্য করা যাচ্ছে অনেকে হাত তুলে গাড়ি থামিয়ে রাস্তা পার হচ্ছেন। আর এতে যান তার গতি কমিয়ে দিচ্ছেন। সৃষ্টি হচ্ছে যানজট। বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ থাকলেও নাগরিকরা জীবনের ঝুকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। এতে ট্রাফিক সিস্টেম বাধাগ্রস্থ করছেন, নিজের জীবনকেও বিপন্ন করছেন, তেমনি শহরকে বিশৃঙ্খল করে দিচ্ছেন।’
তিনি আরো বলেন, রাস্তা পার হওয়ার জন্য আমরা জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছি। আমরা আশা করি এতে নগরবাসীর মধ্যে নতুন আচরণ দেখতে পারবো। আমরা নগরবাসীর সমর্থন প্রত্যাশা করছি। আমরা অনুরোধ করব যারা নগরে বসবাস করেন তারা নগর সংস্কৃতির সঙ্গে পরিচিত ও অভ্যস্থ হবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেনজীর আহমদ বলেন, নগরীতে অনেক মানুষের শারীরিক অক্ষমতা রয়েছে। আর সে ক্ষেত্রে তারা ফুটওভার ব্রীজ ও আন্ডারপাস ব্যবহার করতে পারে না। এক্ষেত্রে বনানীতে একটি ফুটওভার ব্রীজ হয়েছে, যেখানে এক্সিলেটার রয়েছে।
এসব বিষয় নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে বিভিন্ন সময়ে সভা হয়েছে, কথা বলেছি। সবগুলো ফুটওভার ব্রীজ ও আন্ডারপাসে লিফট বা এক্সিলেটার সিস্টেম করা প্রয়োজন। আর এগুলো ইমপ্লিমেন্ট করবে সিটি করপোরেশন।
নগরীতে ছয় হাজার গণপরিবহন দুই কোটি লোকের জন্য পর্যাপ্ত নয়। আর এ জন্য তিনি সরকারের পাশাপাশি বেসরকারিভাবে কর্পোরেট ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান।
সিএনজি চালিত অটোরিকশা মিটারের বিষয়ে বলেন, যেসব সিএনজি অটোরিকশা মিটারে যাবে না বা মিটার নেই তাদের বিষয়ে নিকটস্থ ট্রাফিক পুলিশ বা সংশ্লিষ্ট থানাকে অবহিত করার জন্য অনুরোধ করেন তিনি।
জেইউ/এসএইচ





