বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্ট (মার্চিং ব্যান্ডসহ) আজ প্রথমবারের মত ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশগ্রহণ করেছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। খবর বাসস’র।

এতে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে প্রথমবারের মত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্ট ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশগ্রহণ করে।

লে. কর্নেল আবু মো: শাহনুর শাওনের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস প্যারেড কন্টিনজেন্টটি আজ সকাল ১০টা ৩৭মিনিটে রাজপথে আয়োজিত ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস প্যারেডের সম্মানিত প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে।

কুচকাওয়াজ শেষে আগামী ৩০ জানুয়ারি এ কন্টিনজেন্টটি দেশে ফিরবেন।

এ কুচকাওয়াজে অংশগ্রহণ বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীসহ সকল রাষ্ট্রীয় পর্যায়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদী।

এমবি