ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে জেএমবির নামে চিঠি পাঠিয়ে হুমকি দেওয়ার ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা বাস্তহারালীগের সভাপতি রিপন জোয়ার্দার নিজেই এই চিঠি পাঠিয়ে প্রশাসনকে এক বিব্রত অবস্থায় ফেলে দিয়েছিলেন।
বাস্তহারালীগের ঝিনাইদহ জেলা কমিটির একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র মতে, রিপন জোয়ার্দার স্থানীয় এমপির নাম ভাঙিয়ে চাকরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ৫৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
বিষয়টি জানাজানি হওয়ায় রিপন জোয়ার্দার দল ও স্থানীয় এমপির অনুকম্পা পেতে জেএমবির নামে স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনার ও নিজেকে হুমকি দিয়ে নিজেই ডাকযোগে চিঠি পাঠান।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হলে নড়ে চড়ে বসে ঝিনাইদহ প্রশাসন। ঝিনাইদহ জেলা বাস্তহারালীগের সভাপতি ওবাইদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সংগ্রামও বিষয়টি স্বীকার করেছেন।
বুধবার এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপন জোয়ার্দারের চাতুরতার খবরটি ফাঁস হয়ে যায়। এর পর তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার রাতে ঝিনাইদহ জেলা বাস্তহারালীগের সভাপতি ওবাইদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সংগ্রাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালীগঞ্জ উপজেলা বাস্তহারালীগের সভাপতি রিপন জোয়ার্দারকে সংগঠনপরিপন্থী ও অরাজনৈতিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন বাবুর নির্দেশে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কালীগঞ্জ উপজেলা বাস্তহারালীগের সহ-সভাপতি-মোঃ ইউনুস আলী মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে, আমাদের কালীগঞ্জ প্রতিনিধি জানান, অভিযুক্ত রিপন জোয়ার্দার বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জে সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে তিনি বিতর্কিত বিষয়টির ব্যাখ্যা দেবেন।
এমবিএইচ





