নরসিংদীর পলাশে নাদিম হোসেন নামে (১০) এক চতুর্থ শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঘোড়াশাল পৌর শহরের উত্তর চরপাড়ায় নির্মাণাধীন ভবনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নাদিম পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে। সে ঘোড়াশাল নুরমোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র। এ ঘটনায় একই গ্রামের আবুল হোসেন ও তার স্ত্রী হাসনা বেগমকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে নাদিমের বাবা আবুল হাশেম বলেন, বুধবার দুপুরে নাদিম স্কুলে বার্ষিক পরীক্ষা দিয়ে বাসায় আসে। এরপর সন্ধ্যা থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। বৃহস্পতিবার দুপুরের দিকে তার লাশের সন্ধান পাই। আমার ছেলেকে জমির জন্য আবুল হোসেনরা মেরে ফেলেছে। আমি তাদের বিচার চাই।
এ ব্যাপারে পলাশ থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, আমরা সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আর এ ঘটনায় ২ জনকে আটক করেছি।
কেএইচ





