“সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করেন। সিঁড়ি না পাঠালে আমরা ধোঁয়ায় মারা যাবো।”  বনানীতে আগুন লাগা এফআর টাওয়ারের ভেতরে আটকা পড়া নারীকণ্ঠের এমন আকুতি ভেসে আসছে। তারা ভিডিও করে পাঠিয়ে দিচ্ছেন সংবাদকর্মীসহ পরিচিতজনদের কাছে।  

আগুনের গাঢ়-কালো ধোয়া পুরো ভবনের ভেতর ও আশেপাশে আচ্ছন্ন করে ফেলেছে। সেই ধোঁয়ায় তাদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। দু’একজন জানালার গ্লাস ভেঙে বাইরে ঝাপিয়ে পড়েছে।

তবে তাদের কি পরিণতি হয়েছে তা জানা যায়নি। কেউ কেউ জানালা খুলে শ্বাস-প্রশ্বাস নেয়ার চেষ্টা করছেন।

টাওয়ালে বা বাইরে হাত বের করে নেড়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। উদ্ধারের আকুতি জানাচ্ছেন।  

ইতিমধ্যে অনেকে ধোঁয়র কারণে অসুস্থ্য হয়ে পড়েছেন। অসুস্থ্য এক শ্রীলঙ্কার নাগরিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

একজনকে দেখা যাচ্ছে, তিনি এসি বেয়ে বেয়ে নামার চেষ্টা করে যাচ্ছে। তবে তার শেষ পরিণতি কি হবে তা বলা যাচ্ছে না।   

আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে রাজধানীর বনানীর ২২ তলা এফআর টাওয়ারের ৯ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। আগুন লাগার পর এফআর টাওয়ার ও পাশের বিল্ডিংগুলো থেকে নামতে গিয়ে অনেকেই আহত হন। এছাড়া অনেকে বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়েছেন।  

এমবি