কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি নাইন এমএম পিস্তল, দু’টি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার ফিলিপনগর আবেদের ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- স্বামী ইকবাল মোল্লা (৫৫) ও তার স্ত্রী নুর জাহান (৩৫)। তারা উপজেলার চিলমারী ইউনিয়নের ভবনন্দদিয়াড় গ্রামের বাসিন্দা।

দৌলতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, অস্ত্র বেচাকেনার উদ্দেশে ফিলিপনগর আবেদের ঘাট এলাকায় অস্ত্র ব্যবসায়ীরা অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশ ইকবাল মোল্লা ও তার স্ত্রী নুর জাহানকে আটক করে। পরে, তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দু’টি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক দম্পতি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান ওসি।

কেএইচ