চাকরি দেয়ার কথা বলে ভারতে পাচারকালে যশোরের বেনাপোল সীমান্তে ১১ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। এসময় কোনো পাচারকারী আটক হয়নি। সোমবার রাত ১১টার দিকে পৃথক অভিযান চালিয়ে বেনাপোলের দৌলতপুর থেকে ১০ জন ও পুটখালী থেকে একজনকে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন খুলনা সদরের তিকরাবাদ গ্রামের হালিমের ছেলে সাদিক (২২), পাইকগাছা উপজেলার রামনাথপুর গ্রামের দিনবন্ধুর ছেলে বিশ্বজিত বিশ্বাস (১৯), বরিশালের আঙ্গুলজেরা গ্রামের জীবন মল্লিকের ছেলে জয়ন্ত মল্লিক (১৮), যশোরের শার্শা উপজেলার সরবানহুদা গ্রামের আবু বকরের ছেলে আহসান (১৮), শাহাজান আলীর ছেলে শামিম (১৮), নুর মোহাম্মদের ছেলে বুলু মিয়া (৩৬), ছাত্তারের ছেলে হাসান (২২), মুকুলের ছেলে বিপ্লব (১৮), মুনসুর আলীর ছেলে মেহেদী হাসান (১৮), অভয়নগর উপজেলার বজলুর ছেলে সবুর (৪০) ও সবুরের স্ত্রী শারমিন (২০)।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আমিন জানান, সীমান্তে টহলের সময় বিজিবি সদস্যরা দেখতে পান একদল নারী-পুরুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে ১১ জনকে আটক করে। তবে দালাল চক্র পালিয়ে যায়।

তিনি জানান, তাদেরকে বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশ আইনের (১১-সি) ধারায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

 বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মতিয়ার রহমান জানান, মঙ্গলবার দুপুরে ১১ জনকে যশোর আদালতে পাঠানো হবে।

ওএফ