টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুইচতারা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুইদিন ধরে অবস্থান নিয়েছেন মিতু আক্তার নামে এক তরুণী।

জানা গেছে, টাঙ্গাইলের বাশাইল উপজেলার সিঙ্গারডাক গ্রামের মিতু আক্তারের সঙ্গে মির্জাপুর উপজেলার কুইচতারা গ্রামের তারা মিয়ার ছেলে খোকনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মিতু বিয়ের জন্য চাপ দিলে খোকন অস্বীকার করেন।

এ অবস্থায় বৃহস্পতিবার বিকেল থেকে মিতু খোকনের বাড়িতে অবস্থান নিয়েছেন। সন্ধ্যায় খোকন কয়েকজন যুবককে পাঠিয়ে জোর করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। কিন্ত আশপাশের লোকজন এসে বাধা দেয়। মিতুর অবস্থানের পর খোকন বাড়ি থেকে পালিয়ে গেছে।

খবর পেয়ে শুক্রবার দুপুরে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ঘটনাস্থলে যান। সেখানে তিনি মিতুকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেন। বিয়ে না হওয়া পর্যন্ত তিনি খোকনের বাড়ি ছেড়ে কোথাও যাবে না এসআইকে জানিয়ে দেন।

এদিকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান নেয়ার খবরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মিতু বলেন, ‘বিয়ের প্রলোভন দিয়ে খোকন আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এখন বিয়ের কথা বলায় সে অস্বীকার করছে। এ অবস্থায় আমি অন্য উপায় না পেয়ে খোকনের বাড়িতে অবস্থান নিয়েছি। বিয়ে না হওয়া পর্যন্ত বাড়ি ছেড়ে কোথাও যাব না।

তবে মিতুর সঙ্গে সম্পর্ক কথা অস্বীকার করেন খোকন।

মির্জাপুর থানার পরিদর্শক (ওসি) মাইন উদ্দিন বলেন, মেয়েটি অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এমআর