সিলেটের বিশ্বনাথে মাদ্রাসার নৈশপ্রহরী আবদুল মতিন হত্যা মামলায় যুবলীগ নেতা তারেক আহমদ দুলনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল ৪টার দিকে তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তিনি উপজেলার জগতপুর (কাইরঘাট) গ্রামের ফয়াজ মিয়ার ছেলে এবং উপজেলার দেওকলস ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুলন নৈশপ্রহরী হত্যা মামলার অন্যতম আসামি। ওই মামলায় গ্রেফতার অপর আসামি মোফাজ্জল হোসেনের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে তারেক আহমদ দুলনের নাম উঠে আসে। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম নৈশপ্রহরী হত্যা মামলার আসামি দুলনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।’
গত ১৯ জুন ভোরে বিশ্বনাথের কাহিরঘাট মিছবাউল উলুম দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী আবদুল মতিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





